“আশা আমাদের বুঝতে সাহায্য করে যে- শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণের পথ ও উপায় আছে... ... আমরা সবসময় কিছু না কিছু করতে পারি” (লাউদাতো সি, অনুচ্ছেদ-৬১)।
আমাদের অভিন্ন বসতবাটির যত্নের দশ বাস্তব পদক্ষেপ
‘লাউদাতো সি সপ্তাহ’ (মে ১৭-২৪, ২০২৬ খ্রিষ্টবর্ষ) হলো বিশ্বব্যাপী একসাথে পথ চলার একটি সুবর্ণ সুযোগ, যখন সকলে জীবন-জীবিকা ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষার জন্য আশা-ভরসাকে বাস্তব কর্মে রূপান্তর করতে উদ্বুদ্ধ হয়। এ সপ্তাহে ব্যক্তি, ধর্মপল্লি, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠন, ধর্মসংঘ কিংবা অন্যান্য প্রতিষ্ঠানকে সমন্বিত পরিবেশের জন্য অন্তত একটি বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে আমন্ত্রণ জানানো হচ্ছে। যা ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রবর্তিত ‘লাউদাতো সি অ্যাকশন প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে বিশ্বব্যাপী সমবেত উদ্যোগসমূহের অংশ হয়ে উঠবে।
এই সপ্তাহে আপনার বাস্তবতার সঙ্গে মানানসই ও সঙ্গতিপূর্ণ একটি পদক্ষেপ বেছে নিন এবং আজই বাস্তবায়ন শুরু করুন।
জগতের আর্তনাদে সাড়াদান
১. আপনার জ্বালানি ব্যবহার হ্রাস করুন
এই সপ্তাহে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানোর একটি বাস্তব উদ্যোগ গ্রহণ করুন।
উদাহরণ-
অপ্রয়োজনীয় আলো, গ্যাস, স্মার্টফোন, কম্পিউটার, টেলিভিশন, ডিজিটাল ডিভাইস বন্ধ রাখা
শীতাতপ নিয়ন্ত্রণে এসি বা হিটার ব্যবহার সামান্য কমানো
আগামী এক মাস বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার গ্রহণ
নিজেদের জ্বালানি ব্যবহার পর্যালোচনা করে একটি নির্দিষ্ট সাশ্রয় লক্ষ্য নির্ধারণ করতে পারে।
২. স্থানীয় জীববৈচিত্র্য পুনরুদ্ধার করুন
সীমিত পরিসরে প্রকৃতি-পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম আয়োজন করুন।
উদাহরণ-
দেশীয় গাছ লাগানো
ফুল ও নান্দনিক তৃণভূমির বাগান তৈরি
ছোট দলে বৃক্ষরোপণ করা ও অন্যদের উৎসাহ প্রদান
একটি ছোট বাগানও পরিবেশ পুনর্জাগরণের প্রতীক হতে পারে।
দীনদরিদ্রদের আর্তনাদে সাড়াদান
৩. পরিবেশ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করুন
সমদায়িত্ববোধ ও সহমর্মিতার একটি বাস্তব কাজ বেছে নিন।
উদাহরণ-
অসহায়দের সেবাদানরত প্রতিষ্ঠান, বিশপীয় কমিশন, ছাত্র ও যুব সংগঠন বা ক্লাবে অংশীজন হওয়া
নিজের একমাসের ব্যক্তিগত খরচ থেকে অল্প অর্থ দান করা
পরিবেশগত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ অনুদান সংগ্রহ করা
সমন্বিত পরিবেশ সংরক্ষণ মানেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের যত্ন নেওয়া।
৪. ধর্মপল্লি ও প্রতিষ্ঠান সমাজসেবার জন্য উন্মুক্ত করুন
অব্যবহৃত স্থানগুলো সমাজের কল্যাণে ব্যবহার করা যেতে পারে।
উদাহরণ-
স্থানীয় সেবামূলক সংগঠনকে সভা করতে জায়গা প্রদান করা
বিনামূল্যে পাঠদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাকেন্দ্র চালু করা
সংগঠন বা ক্লাবকে দিবস উদ্যাপনে সুযোগ-সুবিধা প্রদান
অনেক সময় ধর্মপল্লির উন্মুক্ততাই সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য হয়ে ওঠে।
পরিবেশগত অর্থনীতি বিস্তার
৫. স্থানীয় ও নৈতিক উৎপাদনকারীদের সহায়তা করুন
এ সপ্তাহে এমন পণ্য ও প্রতিষ্ঠানকে সমর্থন করুন যারা মানব মর্যাদা ও পরিবেশ রক্ষায় কাজ করে।
উদাহরণ-
স্থানীয় কৃষক, গ্রাম্য বাজার/হাট ও সমবায় থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়
ধর্মপল্লিতে কৃষি খামার ও স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে বাজার আয়োজন
নৈতিক সরবরাহকারীকে অগ্রাধিকার দিয়ে ক্রয়নীতি প্রচলন
আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত স্থায়ী ও মজবুত ভবিষ্যৎ গড়ে তোলে।
৬. বিনিয়োগ ও ক্রয়নীতির পর্যালোচনা করুন
প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত পরিবেশের পক্ষে না বিপক্ষে তা বিবেচনা করতে পারে।
উদাহরণ-
জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ প্রত্যাহারের সম্ভাবনা যাচাই
পরিবেশবান্ধব সরবরাহকারীদের মূল্যায়ন
পুনর্ব্যবহারযোগ্য ও স্থায়ী উপকরণ (সৌরবিদ্যুৎ) ব্যবহারের অঙ্গীকার
সম্ভাব্যতা যাচাই-বাছাই-এর উদ্যোগ গ্রহণও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সহজ-সরল জীবনধারা গ্রহণ
৭. প্লাস্টিক ও বর্জ্য-আবর্জনা হ্রাস করুণ
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার পর্যালোচনা করুন।
উদাহরণ-
ধর্মপল্লির অনুষ্ঠানে এককালীন কাপ ও প্লেট ব্যবহার বন্ধ করা
পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল ব্যবহারে উৎসাহ দেওয়া
বর্জ্য ব্যবস্থাপনায় পৃথক সংগ্রহব্যবস্থা চালু করা
ব্যক্তিগত ক্ষুদ্র উদ্যোগ বৃহত্তর পরিবর্তনের অংশ হয়ে উঠতে পারে।
৮. উদ্ভিদ-ভিত্তিক খাদ্যাভ্যাস অনুশীলন করুন
খাদ্যাভ্যাস মানুষ ও ধরিত্রী উভয়ের ওপর প্রভাব ফেলে।
উদাহরণ-
ধর্মপল্লিতে সমবেতভাবে একবেলা ‘নিরামিষ ভোজন’ উদ্যোগ গ্রহণ
বাড়ির রান্নায় ব্যবহৃত সবজি বাগান করা
স্থানীয় ঐতিহ্যবাহী উদ্ভিদ-ভিত্তিক খাবার তৈরির প্রণালী শেয়ার করা
কোনো কোনো ব্যক্তিগত অভ্যাসও ধরিত্রী সুরক্ষায় যুক্ত হতে পারে।
পরিবেশ সুরক্ষাবিষয়ক শিক্ষা
৯. ‘লাউদাতো সি’ পুনর্পাঠ ও সহভাগিতা করুন
সহযোগিতামূলক ও একত্রে পথচলা সিনোডাল পরিবেশ তৈরি করুন।
উদাহরণ-
খ্রিষ্টযাগে ও সমবেত প্রার্থনার পরে ‘লাউদাতো সি’ পত্র থেকে পুনর্পাঠ
সভা, সেমিনার, কর্মশালা ও স্কুল কার্যক্রমে সিনোডাল প্রক্রিয়া গ্রহণ
যুবসমাজকে তাদের পরিবেশগত উদ্যোগ উপস্থাপনের সুযোগ দেওয়া
পরিবেশগত রূপান্তরের পথে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
পরিবেশ সংরক্ষণ উদ্দীপ্ত আধ্যাত্মিকতা ও সমাজকে ক্ষমতায়ন
১০. সৃষ্টির জন্য প্রার্থনা ও গণসচেতনা বিস্তার করুন
প্রার্থনা যেন কর্মে অনুপ্রেরণা জোগায়, পরিবেশ সংরক্ষণে উদ্দীপ্ত করে।
উদাহরণ-
খ্রিষ্টযাগে সৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা
উন্মুক্ত স্থান বা ‘লাউদাতো সি’ বাগান বা গ্রটোতে প্রার্থনা আয়োজন
উদ্যোগসমূহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও সমাজকে সম্পৃক্ত করা
বিশ্বাসী সমাজ আশাকে কর্মে রূপান্তর করতে পারে।
আসুন, আশাকে বাস্তব কর্মে রূপান্তর করি
‘লাউদাতো সি-২০২৬’ সপ্তাহে সমন্বিত পরিবেশ সুরক্ষার জন্য ন্যূনতম একটি বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন। আপনার পদক্ষেপসমূহ শেয়ার করুন যাতে তা বিশ্বব্যাপী পরিবেশগত উদ্যোগের অংশ হয়ে ওঠে। আপনার ছোট ছোট পদক্ষেপ বিশে^র হাজারো উদ্যোগের সঙ্গে যুক্ত হবে। পরিবেশগত সংকট নিরাময়ে পোপ লিও চতুর্দশ বলেছেন, ‘কথা থেকে কাজে’ নামার সময় এখনই। আসুন, আশাকে কাজে রূপান্তর করি এবং প্রত্যেকের ব্যক্তিগত ক্ষুদ্র পদক্ষেপটি একত্রে যুক্ত হয়ে ‘যত্নের-সংস্কৃতি’ গড়ে তুলি।
আসুন, প্রার্থনা করি-
‘লাউদাতো সি’ - “হে আমার প্রভু, তোমার প্রশংসা হোক।”
হে দীনদরিদ্রদের ঈশ্বর,
এ জগতের যারা পরিত্যক্ত, অবহেলিত যাদের কথা সবাই ভুলে থাকে
অথচ যারা তোমার চোখে অতি মূল্যবান
তাদের পুনরুদ্ধার করতে আমাদের সাহায্য কর।
হে প্রেমময় ঈশ্বর,
এই জগতের সকল সৃষ্টির যত্ন নেওয়ার মাধ্যমে
ভালোবাসা প্রকাশের পথ আমাদের দেখাও,
যত্নের সংস্কৃতি গড়তে আমাদের অনুপ্রাণিত কর।
হে দয়াময় ঈশ্বর,
আমরা যেন তোমার ক্ষমা লাভ করতে পারি এবং
অভিন্ন বসতবাটিতে যেন তোমার দয়া প্রকাশ করতে পারি।
‘লাউদাতো সি’ - “হে আমার প্রভু, তোমার প্রশংসা হোক।” আমেন